রাজধানীর বনানী থানাধীন চেয়ারম্যান বাড়ি এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বনানী ৩ নম্বর রোডের আই ব্লকের ১২ নম্বর বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার নজরুল ইসলাম জানান, ছয়তলা আবাসিক ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটের দুটি কক্ষে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আগুন লাগার পর মুহূর্তেই দুটি কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় তাড়াহুড়ো করে ভবনের বাসিন্দাদের বের করে আনা হয়। একই সঙ্গে ভবনের বিদ্যুত্সংযোগ বন্ধ করে দেওয়া হয়। প্রাথমিকভাবে শোবার ঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিসের ধারণা।
