গাজীপুরে চাকরি থেকে বরখাস্ত করার ক্ষোভ থেকে তিন বছরের শিশুকে অপহরণ করে এক যুবক। পরে র্যাব অভিযান চালিয়ে অপহরণকারীকে আটক এবং অপহূত শিশুকে উদ্ধার করে। আটককৃত মোস্তাফিজুর রহমান তার বাবা-মায়ের সঙ্গে নগরীর আউটপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতো।
র্যাব-১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন শুক্রবার জানান, গত বৃহস্পতিবার সকালে আউটপাড়া এলাকার ভাড়াটিয়া মো. বকুল মিয়ার একমাত্র শিশু সন্তান নিশাত বাবু (৩) নিজ বাসা হতে অপহূত হয়। এ ঘটনায় একই দিন শিশুটির পিতা বাসন থানায় অভিযোগ দায়ের করেন। পরে শিশুটির পিতার মোবাইল ফোনে অজ্ঞাতপরিচয় নম্বর থেকে মুক্তিপণ বাবদ ৩ লাখ টাকা দাবি করা হয়। পরে অপহূতের পিতা বিষয়টি র্যাবকে জানালে র্যাব রাতে কালিয়াকৈর থানার চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমানকে আটক এবং অপহূত শিশুটিকে উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাফিজুর রহমান জানান, সে গাজীপুর ভাওয়াল বদলে আলম সরকারি কলেজের পাশে অবস্থিত এলএফ সিকিউরিটি নামক প্রতিষ্ঠানে পিয়ন পদে চাকরি করত এবং অপহূত শিশুটির পরিবারের সঙ্গে একই বাড়িতে ভাড়া থাকত। শিশুটির পিতাও ঐ প্রতিষ্ঠানে রিক্রুটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। গত ৪ দিন আগে চুরির দায়ে তাকে বরখাস্ত করা হয়। এই ক্ষোভ থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই সে নিশাতকে অপহরণ ও মুক্তিপণ দাবি করে।
