যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারকের মৃত্যু

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১১:১৮

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সবচেয়ে বয়স্ক বিচারপতি রুথ বেডার গিন্সবার্গ মারা গেছেন। যুক্তরাষ্ট্রের নারী অধিকার আন্দোলনের অন্যতম এই পথিকৃত শুক্রবার ওয়াশিংটন ডি সি’র নিজ বাড়িতে শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার  বয়স হয়েছিল ৮৭ বছর। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়,  অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগছিলেন মার্কিন  প্রবীণ বিচারপতি  গিন্সবার্গ। এ বছরের শুরুর দিকে গিন্সবার্গ জানিয়েছিলেন, ক্যান্সার ধরা পড়ায় কেমোথেরাপি নিতে হচ্ছে তাকে।

গিন্সবার্গ ছিলেন যুক্তরাষ্ট্রে উদারপন্থী নারীবাদীদের অন্যতম আদর্শ। তিনি একাধারে ২৭ বছর দেশটির সর্বোচ্চ আদালতে বিচারপতির দায়িত্ব পালন করেছেন ।

যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস এক বিবৃতিতে বলেছেন, জাতি ঐতিহাসিক মর্যাদার এক বিচারপতিকে হারাল। সুপ্রিম কোর্টে আমরা এক স্নেহধন্য সহকর্মীকে হারালাম।  

গিন্সবার্গের মৃত্যুর পর দেওয়া  এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে  'উজ্জ্বল মনের' মানুষ বলে আখ্যায়িত করেছেন। 

ইত্তেফাক/এআর