বিনোদন রিপোর্ট
এক সময়ের অনেক জনপ্রিয় গানের শিল্পীদের অনেকে গান থেকে দূরে রয়েছেন। তবে তাদের সৃষ্টি এখনো শ্রোতাদের কাছে জনপ্রিয়। এমনই একটি গান ‘কখনো জানতে চেয়ো না’। ১৯৯১ সালে প্রকাশিত এই গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন সাইফ ইসলাম। ফিতা ক্যাসেটের যুগের সেই গান ব্যাপক জনপ্রিয়তা পেলেও সাইফ ইসলাম গান নিয়ে আর এগিয়ে যাননি। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী সাইফ ইসলাম পেশায় একজন স্থপতি। মূলত পেশাগত ব্যস্ততার কারণেই গানে সময় দিতে পারেননি। এবার সেই গানকে নতুন করে প্রকাশ করলেন সাউন্ড ইঞ্জিনিয়ার, কম্পোজার ও কণ্ঠশিল্পী জুয়েল মোর্শেদ। ২৯ বছর পর নাভেদ পারভেজেরে সংগীতায়োজন নতুন করে কণ্ঠ দিলেন জুয়েল। গানটির ভিডিও নির্মাণ করেছেন আবিদ হাসান। জুয়েল বলেন, ‘কখনো জানতে চেয়ো না গানটি আমার পছন্দের গানগুলোর একটি। সাইফ ভাইও আমার প্রিয় শিল্পী। গানটির কাভার করার ইচ্ছা হলে তার ছোট ভাই গিটারিস্ট নিপোর মাধ্যমে যোগাযোগ করে গানটি গাওয়ার ইচ্ছা প্রকাশ করি সাইফ ভাইয়ের কাছে। পরবর্তীতে গানটির অডিও তৈরি করে ওনাকে শোনাই। তিনি শুনে আমাকে কিছু কারেকশন দেন। কারেকশন করে আবারো গানটি শোনাই। এবার পছন্দ করেন। এরপর গানটি প্রকাশের জন্য লিখিত অনুমতি দেন। তার প্রতি কৃতজ্ঞ।’
