গাছে উঠে ভাষণ দিলেন শ্রীলঙ্কার মন্ত্রী

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২১:০৬

নারকেল গাছে উঠে ভাষণ দিয়েছেন শ্রীলঙ্কার এক মন্ত্রী। লোকজনকে নারকেলের সংকট বোঝাতেই নারকেল গাছে উঠে ভাষণ দেওয়ার অভিনব পন্থা অবলম্বন করেছেন ঐ মন্ত্রী।

অরুন্দিকা ফার্নান্দো নামের ঐ মন্ত্রী জানিয়েছেন, দেশ জুড়ে নারকেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সে কারণেই তিনি একটি নারকেল গাছ বেয়ে উঠে লোকজনকে উদ্দেশ করে ভাষণ দিয়েছেন। তিনি বলেন, স্থানীয় শিল্প এবং অভ্যন্তরীণ ব্যবহারের জন্য দেশ জুড়ে যে পরিমাণ নারকেলের প্রয়োজন তা পাওয়া যাচ্ছে না। দেশ জুড়ে বর্তমানে ৭০০ মিলিয়ন নারকেলের সংকট দেখা দিয়েছে।

ফাস্ট নিউজফিড ডটকমের এক প্রতিবেদনে ফার্নান্দোর উদ্ধৃতি  দিয়ে বলা হয়েছে, দেশের জমির প্রতিটি প্লট নারকেল চাষের জন্য ব্যবহার করতে হবে। এর মাধ্যমে দেশের অর্থনীতি গতিশীল হবে। তিনি বলেন, নারকেলের উত্পাদন বাড়িয়ে দেশের চাহিদা পূরণের পাশাপাশি তা বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।

অরুন্দিকা ফার্নান্দো বলেন, দেশে নারকেলের সংকট থাকলেও সরকার দাম কমানোর পরিকল্পনা করছে। সরকার চাচ্ছে দ্রুত সমস্যার সমাধান করতে। গাছে উঠে এভাবে ভাষণ দেওয়ার ঘটনা খুব একটা দেখা যায় না। এক প্রতিবেদনে বলা হয়েছে, ঐ মন্ত্রীকে গাছ থেকে নামাতে গিয়ে বেশ বিপাকে পড়তে হয়েছে তার সমর্থকদের।