ডাম্বুলায় কোয়ারেন্টাইন সেন্টার চায় বিসিবি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২১:১৩

স্পোর্টস রিপোর্টার

আশা-নিরাশার দোলাচালে থেকেই শ্রীলঙ্কা সফরকেন্দ্রিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিসিবি। অনিশ্চয়তাকে সঙ্গী করেই নিজেদের প্রস্তুতি অব্যাহত রেখেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় রয়েছে বিসিবি।

বাংলাদেশ সফর নিয়ে দেশটির কোভিড-১৯ টাস্কফোর্স, ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সভা করেছে এসএলসি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গতকাল বলেছেন, সেই আলোচনা নাকি ইতিবাচকই ছিল। আগামী দুই-এক দিনের মধ্যে এসএলসি থেকে সফরকালীন স্বাস্থ্য নির্দেশিকা পাওয়ার আশা করছে বিসিবি। লঙ্কায় পৌঁছানোর পর মুমিনুলদের হাম্বানটোটায় কোয়ারেন্টাইনে রাখার প্রস্তাব করেছিল এসএলসি। যেখানে দ্বিমত আছে বিসিবির। ডাম্বুলায় কোয়ারেন্টাইন সেন্টার চায় বিসিবি। কারণ হাম্বানটোটার হোটেল থেকে স্টেডিয়াম ৪০ কিলোমিটার দূরে।

গতকাল মিরপুর স্টেডিয়ামে এই প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘আলোচনা হয়েছে। কয়েকটা বিকল্পের মধ্যে ডাম্বুলাকে আমরা অগ্রাধিকার দিয়েছিলাম। আগে আমরা যদি হেলথ প্রটোকলটায় রাজি হই তখন এ বিষয়গুলো আসবে। আমার মনে হয় তখন এগুলো কোনো অসুবিধা হবে না।’

প্রস্তুতি ম্যাচের আগ পর্যন্ত এখানেই থাকতে হবে টাইগারদের। কোয়ারেন্টাইনে থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। এসএলসির চূড়ান্ত সিদ্ধান্ত ও সফরসূচির অপেক্ষায় এখন বিসিবি। গতকাল নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘যতটুকু জেনেছি বা শ্রীলঙ্কান বোর্ড জানিয়েছে তা হলো—আমাদের বিষয়গুলো তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছে এবং ইতিবাচক সভা হয়েছে। আমরা আশা করেছি আগামী দুই-এক দিনের মধ্যে তাদের কাছ থেকে দিকনির্দেশনা বা হেলথ প্রোটোকল পাব।’