স্পোর্টস ডেস্ক
মাঠে গড়িয়েছে ভিন্ন রকম এক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভিন্নরকম কারণ, এবার করোনা ভাইরাসের প্রকোপে দর্শক নেই, নেই গণমাধ্যমকর্মীরা। তবে, দর্শকদের সমস্যা সমাধানে প্রতিবারের মতো টিভিতে ও অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে আইপিএলের সবগুলো ম্যাচ। মাঠে দর্শক রাখার সুযোগ নেই বলেই, টিভিতে আগের চেয়ে অনেক বেশি মানুষ এবার এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট দেখবেন—এমন আশা করছেন আয়োজকরা।
স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান থাকলে গত ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। তবে, সেটা পিছিয়ে গতকাল শুরু হয়েছে। তাও ভারতে নয়, অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। তবে, যেভাবেই হোক না কেন, আইপিল আয়োজন করতে পারায় তৃপ্ত বোধ করছেন আইপিএল চেয়ারম্যান। টুর্নামেন্ট পেছানোয় ভক্ত-সমর্থকরা হতাশ হলেও, এখন তারা পুরো উপভোগ করতে পারবে বলে মন্তব্য করেছেন ব্রিজেশ প্যাটেল, আইপিএলের চেয়ারম্যান।
টেলিভিশন দর্শকরা এবার আইপিএলে আরো বেশি আগ্রহী হবে, মনে করছেন ব্রিজেশ। বললেন, ‘আমি মনে করি, আইপিএল পিছিয়ে যাওয়ার সিদ্ধান্তে ক্রিকেটপ্রেমিরা হতাশ হয়ে পড়েছিল। টুর্নামেন্টের ভবিষ্যতের ব্যাপারে কোনো কিছু নিশ্চিত ছিল না। তবে এখন তারা (দর্শক) লাইভ ক্রিকেট দেখার সুযোগ পাচ্ছে। তাই আমি মনে করি, এবার সর্বোচ্চ মানুষ আইপিএল দেখবে এবং গত আসরের চেয়েও বড় হবে এবারের টুর্নামেন্ট।’
