স্পোর্টস রিপোর্টার
নেইল ম্যাকেঞ্জির পদত্যাগের পর গত ২৫ আগস্ট ক্রেইগ ম্যাকমিলানকে শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল বিসিবি। এক মাস না যেতেই পারিবারিক কারণে সরে দাঁড়ালেন নিউজিল্যান্ডের এই সাবেক ক্রিকেটার। এমনকি টাইগারদের দায়িত্ব নেওয়ার আগেই বিদায় নিলেন তিনি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি।
কিছু দিন আগেই ম্যাকমিলানের বাবা মৃত্যুবরণ করেছেন। পিতৃবিয়োগের শোকে কাতর ও মানসিকভাবে বিপর্যস্ত তিনি। কঠিন এই সময়ে তাই শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করতে পারবেন না ম্যাকমিলান। মানসিকভাবে সুস্থির অবস্থানে নেই এই কিউই কোচ। তার অব্যাহতি নেওয়া প্রসঙ্গে গতকাল মিরপুর স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেছেন, ‘যেটা উনি জানিয়েছেন যে, বর্তমান পরিস্থিতিতে উনি মানসিকভাবে প্রস্তুত না। সে জন্য আপাতত এই সিরিজে দায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।’ দুয়ারে কড়া নাড়ছে লঙ্কা সফর। দ্রুতই নতুন ব্যাটিং পরামর্শক নিতে চায় বিসিবি। নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘তার বিকল্পতো দেখতে হবে, আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় দলের জন্য একজন ব্যাটিং পরামর্শক নিয়োগ দেওয়া যায়।’
