ফার্মগেট বাসস্ট্যান্ড ওভারব্রিজের নিচে পূর্ব পাশ থেকে সোনারগাঁও মোড় পর্যন্ত সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত সড়কে যানবাহন অতি ধীরগতিতে চলাচল করে। ফলে কিশোর বয়সী ছিন্নমূল কিছু ছেলে সুযোগ বুঝে মাছের ট্রাক, মুরগির পিকআপ এবং মালবাহী ট্রাকের মালামাল ত্রিপল কেটে নিয়ে যায়। কোনো কোনো সময় পুলিশ সেখানে উপস্থিত থাকেন। বেশিরভাগ সময় পুলিশের অনুপস্থিতিতে ছেলেগুলো এভাবে চুরি করে। তারা সংখ্যায় বেশি এবং দলে দলে বিভক্ত হয়ে এসব কাজ করে থাকে। চলন্ত পিকআপ এবং ট্রাকের পিছনে লাফিয়ে উঠে জিনিস নিয়ে আবার লাফিয়ে নিচে নেমে যায়। এতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। এদের সঙ্গে ছিন্নমূল কিছু নারীও জড়িত, এরা ফুটওভারব্রিজের আশেপাশে অবস্থান করে। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. রফিকুল ইসলাম
১১৭/১/সি, পশ্চিম শেওড়াপাড়া,
মিরপুর, ঢাকা
