বরিশাল সিঅ্যান্ডবি রোডের পূর্ব পাশ (চৌমাথা বাজার ব্রিজ সংলগ্ন) [সিঅ্যান্ডবি ফিডার] বিসিসি ওয়ার্ড নম্বর-১৪ আবাসিক এলাকার মিটার রিডার প্রতি মাসের ২৮-৩০ তারিখের মধ্যে মিটারের ইউনিট রিডিং গ্রহণ করেন (যদিও কোনো কোনো মাসে মিটার না দেখেই রিডিং নেওয়া হয়)। প্রতি মাসেই বিদ্যুত্ বিল পরিশোধের সর্বশেষ তারিখের ১/২ দিন আগে বিদ্যুত্ বিল বিতরণ করা হয়। ফলে পারিবারিক ব্যস্ততা বা আর্থিক সমস্যার কারণে যথাসময়ে তা পরিশোধ করা সম্ভব হয় না। এভাবে অনেক গ্রাহকের বিদ্যুত্ বিল বকেয়া থেকে যায়। তাছাড়া সময় স্বল্পতায় তড়িঘড়ি করে বিদ্যুত্ বিল পরিশোধের জন্য আবাসিক ভবনের মালিক ও ভাড়াটিয়ার মধ্যে প্রায়ই উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং পরিশোধের সময় কম পাওয়ায় ভাড়াটিয়ার কাছ থেকে সঠিক সময়ে ব্যবহূত বিদ্যুত্ বিলের টাকা গ্রহণ করা সম্ভব হয় না। সেহেতু কোনো কোনো ক্ষেত্রে ঐ টাকা বকেয়া থেকে যায়। উল্লেখ্য, জুলাই মাসের বিদ্যুত্ বিল আগস্ট মাসে পরিশোধের নিমিত্ত ২৬/৮/২০২০ ও ২৭/৮/২০২০ তারিখে বিতরণ করা হয়েছে, যেখানে বিদ্যুত্ বিল পরিশোধের সর্বশেষ তারিখ ছিল ৩১/৮/২০২০। অর্থাত্ ২৮/৮/২০২০, ২৯/৮/২০২০ ও ৩০/৮/২০২০ তারিখের সাপ্তাহিক ও সরকারি ছুটিসহ একজন গ্রাহক বিদ্যুত্ বিল পরিশোধের জন্য মাত্র ১ বা ২ দিন সময় পাবেন। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি., বরিশাল বরাবরে এলাকাবাসী লিখিত অভিযোগপত্র দিলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায়, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সমীপে বিনীত আবেদন এই যে, বরিশাল সিঅ্যান্ডবি রোডের বিসিসি ওয়ার্ড নম্বর-১৪ আবাসিক এলাকার বিদ্যুত্ বিল মিটার রিডিং গ্রহণের পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে অর্থাত্ বিদ্যুত্ বিল পরিশোধের সর্বশেষ তারিখের অন্তত ২ সপ্তাহ আগে বিতরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
এ এস এম মিজানুর রহমান
প্রশাসনিক কর্মকর্তা,
বিএডিসি, বরিশাল (ক্ষুদ্রসেচ) সার্কেল,
বরিশাল
