শার্শায় স্ত্রীর পরকীয়ায় ফেসবুক লাইভে প্রবাসী স্বামীর আত্মহত্যা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:০৮

বেনাপোল (যশোর) সংবাদদাতা

যশোরের শার্শায় স্ত্রীর পরকীয়ার কারণে ক্ষোভে-দুঃখে ফেসবুক লাইভে এসে প্রবাসী স্বামী আত্মহত্যা করেছেন।

চার বছর আগে শার্শা নাভারন কাজিরবেড় গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে বিয়ে হয় শার্শা নিশ্চিন্তপুর গ্রামের মনিরা ইয়াসমিনের। তাদের ঘরে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম হয়। পরবর্তীকালে প্রিয়তমা স্ত্রীকে দেশে রেখে একটু সুখ, একটু সচ্ছলতার আশায় মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন রফিকুল ইসলাম।

গত কয়েক বছরে স্ত্রীর নামে পাঠিয়েছেন প্রায় ১৪ লাখ টাকা। কিন্তু দেশে ফিরে রফিকুল দেখেন তার সব স্বপ্ন সাধ শেষ হয়ে গেছে। তার স্ত্রী মনিরা ইয়াসমিন পরকীয়ায় জড়িয়ে তাকে ছেড়ে একমাত্র মেয়ে এবং অর্থ, আসবাবপত্র নিয়ে চলে গেছেন। স্ত্রী-সন্তানকে না পেয়ে ক্ষোভে-দুঃখে রফিকুল গত বৃহস্পতিবার ফেসবুক লাইভে উপস্থিত হন এবং বিষপানে আত্মহত্যা করেন।

এর আগে রফিকুল তার মৃত্যুর জন্য স্ত্রী মনিরা, শাশুড়ি আয়শা আক্তার, খালা রিনা পারভিন, খালু আব্দুল, মামা শ্বশুর মিঠু ও যশোরের লাইব্রেরি প্রিন্সিপাল হাবিবুর রহমানকে দায়ী করে ২৫০ টাকার স্ট্যাম্পে অভিযুক্তদের নাম লিখে বালিশের নিচে রেখে যান। দেশ-বিদেশের মানুষের কাছে সন্তানকে দেখার ও দোয়া করার আকুতি জানিয়ে বিষপান করেন তিনি। অভিযুুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান রফিকুল।

রফিকুলের স্ত্রীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান।