গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে ক্ষুর দিয়ে জখম যুবক গ্রেফতার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:১৯

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সংবাদদাতা 

ফুলবাড়িয়ার কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামে এক গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে ক্ষুর দিয়ে এলোপাতাড়ি জখমের ঘটনায় এলাকাবাসী যুবক তাইজুল ইসলামকে আটক করে শনিবার পুলিশে দিয়েছে।

এলাকাবাসী জানায়, একই গ্রামের আ. খালেকের ছেলে তাইজুল ইসলাম বিভিন্ন সময় ঐ গৃহবধূকে উত্ত্যক্ত করত। ২০১৮ সালে তাকে ধর্ষণের চেষ্টা করলে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাও হয়। এ কারণে গৃহবধূর ওপর ক্ষিপ্ত হয়ে তাইজুল গত ২ আগস্ট বাপের বাড়ি যাওয়ার সময় আবারো ধর্ষণের চেষ্ট করে ব্যর্থ হয়ে ক্ষুর দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে পালিয়ে যায়। ঐ গৃহবধূকে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ক্ষুব্ধ এলাকাবাসী শনিবার সকালে তাইজুলকে গ্রামে দেখতে পেয়ে আটক করে পুলিশে দেয়।

ফুলবাড়িয়া থানার এসআই মামলার তদন্ত কর্মকর্তা আ. রাজ্জাক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি তাইজুলকে জেলহাজতে পাঠানো হয়েছে।