সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:২৩

 

বিনা মূল্যে চক্ষুশিবির ও ছানি অপারেশন ক্যাম্পিং

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা সরিষাবাড়ীতে বিনা মূল্যে চক্ষুশিবির ও ছানি অপারেশন ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। চক্ষু বিশেষজ্ঞ ডা. সোহেব আহম্মেদ রবিনের উদ্যোগে শনিবার দিনব্যাপী উপজেলার পৌর এলাকায় স্বপ্ননীল পার্কে এ চিকিত্সাসেবা দেওয়া হয়। এদিন পাঁচ শতাধিক অসহায় লোককে চক্ষু চিকিত্সা দেওয়া হয়েছে। এদের মধ্য থেকে দুই শতাধিক নারী-পুরুষ, যাদের চোখে ছানি পড়েছে, তাদেরও বিনা মূল্যে অপারেশন করানো হবে বলে ডা. রবিন জানান।

উপজেলা নাগরিক কমিটি গঠন

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা কলারোয়ার নানা সমস্যা সমাধানে এবং উপজেলার সার্বিক উন্নয়নের দাবিতে গতকাল শনিবার আয়োজিত সভায় গঠিত হয়েছে কলারোয়া উপজেলা নাগরিক কমিটি। উপজেলার রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক আনিসুর রহিম।

মোটরযান কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা গৌরীপুর মোটরযান কর্মচারী ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন শুক্রবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে মো. আহসান উল্লাহ সভাপতি ও সুখন চন্দ্র সাহা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন কার্যকরী সভাপতি মো. একরাম হোসেন, সহসভাপতি মো. ফারুক ফকির, যুগ্ম-সম্পাদক মো. মাহাবুর রহমান মামুন, সহসম্পাদক মো. নয়ন মিয়া প্রমুখ। নির্বাচন কমিশনার জীবন কুমার দে এ ফলাফল ঘোষণা করেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা গোমস্তাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারওয়ার জাহান। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান।

শিশু পাচার প্রতিরোধে মতবিনিময় সভা

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা বদরগঞ্জে শিশু পাচার প্রতিরোধে কমিউনিটি ও নেটওয়ার্কিং শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় নারী মৈত্রীর উদ্যোগে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি প্রভাষক কামরুজ্জামান মুক্তার সভাপতিত্বে এবং রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমানের সঞ্চালনায় নারী মৈত্রীর মুখপাত্র অ্যাডভোকেট গোলাম মওলা ‘শিশু পাচার প্রতিরোধে কী কী করণীয়’ তা বিস্তারিত তুলে ধরেন।

ফ্রি মেডিক্যাল ক্যাম্প

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে শনিবার ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় পাঁচ শতাধিক দরিদ্র মানুষকে চিকিত্সাসেবা দেওয়া হয়। উপজেলার বর্ষাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ক্যাম্প পরিচালিত হয়। প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি) মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, ওসি শেখ লুত্ফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  

আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস পালন

ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহে আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস পালিত হয়েছে। সিভিল সার্জন অফিসের আয়োজনে শনিবার সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা।