ইত্তেফাক রিপোর্ট
সম্প্রতি শিল্প মন্ত্রণালয় প্রণীত প্রস্তাবিত ‘অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা ২০২০’ নিয়ে আপত্তি জানিয়েছে রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা। প্রস্তাবিত নীতিমালায় দেশীয় গাড়ি নির্মাণের নামে স্ক্রু ড্রাইভিং শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে দেশের ভোক্তাদের প্রয়োজন ও পছন্দের অধিকার খর্ব করা তত্পরতা উল্লেখ করে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, এটি নিম্নমানের গাড়ি বেশি দাম দিয়ে কিনতে বাধ্য করার তত্পরতা। নীতিমালাটি পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে সংগঠনের পক্ষ থেকে বাস্তবভিত্তিক, ভারসাম্যপূর্ণ ও বাস্তবায়নযোগ্য অটোমোবাইল নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়। গতকাল পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সভাপতি আব্দুল হক। এ সময় বারভিডার মহাসচিব মোহাম্মদ শহীদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। বলা হয়, প্রস্তাবিত অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালাটি দেশের বিদ্যমান শিল্পনীতি অনুসরণ করে তৈরি করা হয়নি। বরং এটি বিদ্যমান শিল্পনীতির সঙ্গে সাংঘর্ষিক এবং দূরদর্শী পদক্ষেপ নয়।
