দেশে করোনা ভাইরাসের এক দিনের পরিসংখ্যানে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩২ জন মারা গেছে। একই সময়ে প্রাণঘাতী এই ভাইরাস নতুন করে আরো ১ হাজার ৫৬৭ জন শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৫১ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ্য হয়েছে। এতে মোট সুস্থ্য হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩৮৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার এ কথা জানানো হয়। এতে জানানো হয়, করোনা ভাইরাসের মহামারিতে দেশে মৃতের মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১৩ জন। আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪৭ হাজার ৩৭২ জন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশের সরকার অনুমোদিত ৯৫টি ল্যাবরেটরিতে মোট ১৩ হাজার ১৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৯০ শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ২০ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩ দশমিক ২৩ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ জন, নারী সাত জন। তাদের মধ্যে সবাই বাড়িতে মারা গেছেন। মৃতদের মধ্যে ১৭ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। আট জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, চার জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, এক জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, এক জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, এক জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে ছিল। মৃতদের ২২ জন ঢাকা বিভাগের, এক জন চট্টগ্রাম বিভাগের, এক জন করে মোট তিন জন বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের, দুই জন খুলনা বিভাগের ও চার জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।
