ওয়াসার এমডি তাকসিমের মেয়াদ তিন বছর বাড়ানোর প্রস্তাব

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৩

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের মেয়াদ আরো তিন বছর বাড়ানোর জন্য প্রস্তাব করা হয়েছে। গতকাল শনিবার অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত সংস্থার বিশেষ বোর্ড সভায় এ প্রস্তাবনা পাশ হয়। প্রস্তাবনাটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত আকারে পাঠানো হবে বলে জানা গেছে। বোর্ড সভায় উপস্থিত একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বোর্ড সভায় উপস্থিত বেশির ভাগ সদস্যের সম্মতিতে প্রস্তাবটি পাশ হয়। তাকসিম এ খানের পঞ্চম দফায় পাওয়া নিয়োগের মেয়াদ আগামী ১৪ অক্টোবর শেষ হবে। এবার নিয়োগ পেলে ষষ্ঠ বারের মতো ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পাবেন তাকসিম এ খান। এর আগে গত বৃহস্পতিবার  ঢাকা ওয়াসার সচিব                 প্রকৌশলী শারমিন হক আমীরের সই করা এক নোটিশে ‘ঢাকা ওয়াসা বোর্ডের ৯৭তম বিশেষ সভা (অনলাইন মিটিং) গতকাল ৫টায় আহ্বান করা হয়। সভার আলোচ্যসূচিতে বলা হয়, ‘ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানকে তিন বছরের জন্য নিয়োগের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে প্রেরণ।’ এর পরিপ্রেক্ষিতে গতকাল সভাটি অনুষ্ঠিত হয়।