মার্কিন সুপ্রিম কোর্টের সবচেয়ে বয়স্ক বিচারপতি এবং দেশটিতে নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃত্ রুথ বডার জিন্সবার্গ মারা গেছেন। শুক্রবার ওয়াশিংটন ডিসির নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৭ বছর। বিচারপতি জিন্সবার্গের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছিলেন।
চলতি বছরের শুরুর দিকে এ প্রবীণ বিচারপতি জানিয়েছিলেন, ক্যানসার ধরা পড়ায় কেমোথেরাপি নিতে হচ্ছে তাকে। রুথ বডার জিন্সবার্গ যুক্তরাষ্ট্রে উদারপন্থি নারীবাদীদের অন্যতম আদর্শ। একাধারে ২৭ বছর দেশটির সর্বোচ্চ আদালতে বিচারপতির দায়িত্ব পালন করেছেন তিনি।
মার্কিন আদালতের প্রধান বিচারপতি জন রবার্টস এক বিবৃতিতে বলেছেন, আমাদের জাতি ঐতিহাসিক মর্যাদার এক বিচারপতিকে হারাল। সুপ্রিম কোর্টে আমরা এক স্নেহধন্য সহকর্মীকে হারালাম। আজ আমরা এই আত্মবিশ্বাসের সঙ্গে শোক প্রকাশ করছি যে, ভবিষ্যত্ প্রজন্ম রুথ বডার জিন্সবার্গকে তেমন করেই মনে রাখবে যেমনটি আমরা তাকে জানতাম-ন্যায়বিচারের এক অক্লান্ত এবং দৃঢ় চ্যাম্পিয়ন।’
উল্লেখ্য, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা সাধারণত আমৃত্যু বা যতদিন স্বেচ্ছায় অবসর না নেন তত দিন দায়িত্ব পালন করতে পারেন। এই বিচারপতির মৃত্যুর কারণে দেশটির সর্বোচ্চ আদালতে তার স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে নতুন জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বিশেষ করে আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এটি বেশ বড় ইস্যু হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেকরা। —বিবিসি
এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি শিগগিরই জিন্সবার্গের স্থলে কাউকে নিয়োগ দিতে চান। কিন্তু তার এই বক্তব্যের বিরোধীতা করেছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। তিনি বলেছেন, ট্রাম্পের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আছে আর মাত্র কয়েকদিন। তাই নতুুন নির্বাচন না হওয়া পর্যন্ত বিচারপতি নিয়োগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিতে পারবেন না।
