পেশায় গার্মেন্টসকর্মী সোলায়মান (২৯)। অথচ নিজেকে বিভিন্ন জায়গায় পরিচয় দিতেন সামরিক ও পুলিশ বাহিনীর কর্মকর্তা বলে। তার এক স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে নগরীর পাহাড়তলী এলাকার বাসা থেকে শুক্রবার রাতে এ প্রতারককে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর তিনি স্বীকার করেছেন গত ৯ বছরে তিনি ৯টি বিয়ে করেছেন। বিয়ের সময় যৌতুক নিতেন। স্ত্রীর স্বজনদের চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নিতেন প্রতারক সোলায়মান।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘সোলায়মানের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে গিয়ে তার নানা অপকর্মের কথা জানতে পারি। সোলায়মান পেশায় গার্মেন্টসকর্মী হলেও সামরিক ও পুলিশ কর্মকর্তা বলে বিভিন্ন জায়গায় পরিচয় দিতেন। এসব পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প বয়সি মেয়েদের সঙ্গে সখ্য করে বিয়ে করতেন। গত ৯ বছরে তিনি ৯টি বিয়ে করেছেন। অষ্টম স্ত্রী রাহেলার কাছ থেকে তার ভাই ও বোনকে চাকরি দেওয়ার নামে প্রায় আড়াই লাখ টাকা হাতিয়ে নেন। তার নামে এনজিও থেকে ঋণ নিয়ে হাতিয়ে নিয়েছেন ১ লাখ টাকা। নবম স্ত্রী রহিমার কাছ থেকে যৌতুক নিয়েছেন ২ লাখ টাকা। স্ত্রী রহিমা পাহাড়তলী থানায় সোলায়মানের বিরুদ্ধে মামলা করেছেন।
