রামগঞ্জে ইছাপুর ইউপির উপনির্বাচনকে কেন্দ্র করে ও বর্ধিত সভায় যাওয়ার পথে আওয়ামী লীগের দুই গ্রুপের সংর্ঘষ হয়েছে। এ সময় যুবলীগ নেতা সুমনসহ পাঁচ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
দলীয় নেতাকর্মীরা জানান, দলীয় প্রার্থী চূড়ান্ত করতে স্থানীয় ইউপি কার্যালয়ের সামনে বর্ধিত সভার আহ্বান করে ইউনিয়ন আওয়ামী লীগ। সবার সম্মতিক্রমে মৃত ইউপি চেয়ারম্যান সহিদ উল্যাহর স্ত্রী শাহানাজ আক্তারকে উপনির্বাচনে প্রার্থী হিসেবে সমর্থন দেয় ইউনিয়ন আওয়ামী লীগ। এদিকে বর্ধিত সভায় যাওয়ার জন্য পৌরসভা কার্যালয়ের ভেতরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু ও পৌর মেয়র আবুল খায়েরের নেতৃত্বে নেতাকর্মীরা জড়ো হয়। একই সময়ে পৌর কার্যালয়ের সামনে দলটির ভাদুর ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান ভুঁইয়ার নেতৃত্বে নেতাকর্মীরা একই অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এসময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।
