নয়া দিল্লিতে হামলার পরিকল্পনার অভিযোগে বাংলাদেশের সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের ডোমকল ও জলঙ্গী থেকে গ্রেফতার করা হয়েছে ছয় সন্দেহভাজনকে। ভারতের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা এনআইএর দাবি, এরা আলকায়দার ভারতীয় শাখার সদস্য। পাকিস্তান ভিত্তিক আলকায়দা মডিউলের অংশ। কেরলের এর্নাকুলাম থেকে গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদেরই ডোকমলের আরো তিন জনকে। তদন্তের স্বার্থে এদের কলকাতা থেকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে।
শনিবার সকালে এনআইএ মুর্শিদাবাদের ডোমকল ও জলঙ্গীতে অভিযান চালায়। সঙ্গে দিল্লি এনআইএর একটি বিশেষ দলও ছিল। গ্রেফতার করা হয় আবু সুফিয়ান, মইনুল মন্ডল, আতিউর রহমান, লিউ ইয়ান আহমেদ, নাজমুস সাকিব ও আল মামুন কামালকে। তাদের কলকাতায় এনে বিশেষ এনআইএ আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী শ্যামল ঘোষ জানান, এদের বিরুদ্ধে ইউএপিএর বিভিন্ন ধারায় রাষ্ট্রোদ্রোহিতার মামলা রুজু করা হয়েছে। আদালত ধৃতদের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিয়েছে। এদের দিল্লি নিয়ে গিয়ে পাটিয়ালা হাউস কোর্টে তোলা হবে। সেখানে হবে তদন্ত।
এনআইএ সূত্রে বলা হয়েছে, ধৃতদের কাছ থেকে জেহাদি নথি, ধারাল অস্ত্র, দেশি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, আইইডি, বডি আর্মার উদ্ধার হয়েছে। গোয়েন্দাদের দাবি, এরা আলকায়দার ভারতীয় শাখার সক্রিয় সদস্য। অন্যদিকে এদিনই কেরলের এর্নাকুলাম থেকে গ্রেফতার করা হয় মুর্শিদ হাসান, লিয়াকুব বিশ্বাস এবং মোসারফ হোসেনকে। এদের বাড়িও ডোমকলে।
