প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিদেশফেরত কর্মীদের অভিজ্ঞতা অনুযায়ী প্রশিক্ষণ ও সনদায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কোর্সসমূহে জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক যোগ্যতা কাঠামো (এনটিভিকিউএফ) লেভেল চালু করা হবে। গতকাল শনিবার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) আয়োজিত ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, জেলা পর্যায়ে বিদেশ গমনেচ্ছু কর্মীদের যাবতীয় সেবা একই জায়গা থেকে প্রদানের পরিকল্পনা রয়েছে। ভাষা প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অধিক পরিমাণে দক্ষ কর্মী বিদেশে প্রেরণ করতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্নলালিত সোনার বাংলা বাস্তবায়নে সহজ হবে।
বিএমইটির মহাপরিচালক শামছুল আলমের সভাপতিত্বে মতবিনিময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন। সভায় বিএমইটির পরিচালক (প্রশিক্ষণ) সাখাওয়াত আলীসহ ছয়টি আইএমটি এবং ৬৪টি টিটিসির অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।
সভায় সচিব বলেন, বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। সরকারও দক্ষতা উন্নয়নকে প্রাধান্য দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রণালয় থেকে মুজিববর্ষের অঙ্গীকার হিসেবে বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নকে বেছে নেওয়া হয়েছে। তিনি বিদেশফেরত কর্মীদের যথাযথ প্রশিক্ষণ প্রদানে আইএমটি এবং টিটিসির অধ্যক্ষদের এগিয়ে আসার আহ্বান জানান।
