শুভাঢ্যা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ০০:০৬

কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মো. ইকবাল হোসেন দাবি করেছেন, তাকে ঘায়েল করতে এক নারীকে দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। গতকাল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনাতনে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জিঞ্জিরা ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, রুহিতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজি অব্দুল আলী, সাকতা ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন, বাছতা ইউপি চেয়ারম্যান আসগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

হাজি মো. ইকবাল হোসেন দাবি করেন, সম্প্রতি মিরেরবাগের এক নারী স্থানীয় রাসেল, রমজান ও জয়নালকে প্রতারণা করে ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। তার এ ধরনের কর্মকাণ্ডের কারণে কানাপট্টি এলাকার বাসিন্দারা ঐ নারীকে এলাকা থেকে তাড়িয়ে দেয়। এরপর ঐ নারী মিরেরবাগে গিয়ে ভাড়া বাসায় ওঠেন।

তিনি জানান, এ ঘটনার এক মাস পর তিনি জানতে পারেন ঐ প্রতারক নারী তার বিরুদ্ধেও একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। মামলায় অভিযোগ করেছেন, তাকে নাকি অপহরণ করেছেন ইকবাল হোসেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকৃতপক্ষে একটি কুচক্রী মহল ঐ নারীকে ব্যবহার করে তাকে হয়রানি করছে। তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতে প্রতারণার আশ্রয় নিয়েছে। এই মিথ্যা অপপ্রচার, মামলা ও হয়রানির সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ তিনি কামনা করেন।