মহামারির ধাক্কা সামলে প্রতিটি খাত ‘উড়ন্ত’ অবস্থায়: অর্থমন্ত্রী

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৩

করোনা ভাইরাস মহামারির ধাক্কা লাগলেও তা সামলে বাংলাদেশের অর্থনীতি অন্য যে কোনো দেশের চেয়ে ভালোভাবে ঘুরে দাঁড়াচ্ছে বলে মনে করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আর এজন্য মূল কৃতিত্ব তিনি দিচ্ছেন প্রধানমন্ত্রীকে। মুস্তফা কামালের ভাষায়, ‘অসম্ভব’ কর্মদক্ষতা নিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে চলেছেন শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাত্কারে অর্থমন্ত্রী বলেছেন, মহামারি শুরুর পর প্রণোদনা প্যাকেজ ঘোষণা, এরপর শিল্পোত্পাদন চালু করা সবই ছিল ‘সময়োপযোগী’ পদক্ষেপ। “পুরো দেশ এখন এর সুফল পাচ্ছে। সামষ্টিক অর্থনীতির প্রতিটি ক্ষেত্র ভালো করছে। প্রত্যেকটি খাত উড়ন্ত অবস্থায় আছে। সব সূচকই ঊর্ধ্বমুখী। কোনো দেশেই এ অবস্থা খুঁজে পাওয়া যাবে না,” বলেছেন মুস্তফা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি বলেছে, করোনা ভাইরাস মহামারির ধাক্কা সামলে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আর এ কারণেই চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উত্পাদন (জিডিপি) ৬ দশমিক ৮ শতাংশ বাড়তে পারে। এর নেপথ্যের শক্তিটা কী?

মুস্তফা কামাল: সম্প্রতি প্রকাশিত ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে’ এডিবি গত দুই মাসের কার্যক্রম বা পারফরম্যান্স থেকে চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে প্রাক্কলন করেছে।

এডিবির প্রতিবেদনে দেখা যাচ্ছে, ২০২০ সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ইতিবাচক প্রবৃদ্ধিতে আছে শুধু বাংলাদেশ, চীন ও ভিয়েতনাম। ২০২০ সালে বাংলাদেশের যে অর্জন, আমি মনে করি এটিই বড়ভাবে দেখা যেতে পারে। কারণ, এটা আমাদের জন্য ঐতিহাসিক বছর। এ বছর জাতির পিতার জন্মশতবার্ষিকী। এই দেশের মানুষ যথাযথভাবে জাতির পিতাকে বিশ্ব দরবারে আরো আলোকিত করার জন্য কাজ করে যাচ্ছেন। কামার, কুমার, তাঁতি, জেলে, চাষি, ব্যবসায়ী, বিজ্ঞানীসহ সব শ্রেণি-পেশার মানুষই কাজ করছেন। এজন্য দেশের সর্বস্তরের মানুষের কাছে সরকারের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: চলতি অর্থবছরের বাজেটে আপনি জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছেন ৮ দশমিক ২ শতাংশ। এডিবি বলছে, ৬ দশমিক ৮ শতাংশ হবে। তাহলে কি এবার লক্ষ্য অর্জিত হবে না?

মুস্তফা কামাল: এডিবি কিন্তু দুই মাসের (জুলাই-আগস্ট) পারফরমেন্স দেখে এই পূর্বাভাস দিয়েছে। এডিবি এও বলেছে যে, আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আমরা যদি অর্থবছরের বাকি ১০ মাস ভালোভাবে চলতে পারি, তাহলে অবশ্যই বাজেটে ধরা লক্ষ্য ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আশার কথা শোনাচ্ছেন আপনি। সত্যিই কি অর্থনীতিতে স্বস্তি ফিরে এসেছে?

মুস্তফা কামাল: গত কয়েক বছর ধরেই আমাদের অর্থনৈতিক পরিস্থিতি বেশ ভালো। ২০১৮-১৯ অর্থবছরে আমরা ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছি। তার আগের বছরগুলোতেও ৭ শতাংশের মতো প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। কোভিড-১৯-এর কারণে ২০১৯-২০ অর্থবছরে ৫ দশমিক ২৪ শতাংশ জিডিপি অর্জিত হবে বলে আমাদের পরিসংখ্যান ব্যুরো প্রাথমিক তথ্য দিয়েছে। এই রেমিট্যান্সে দেশে লাখ লাখ পরিবার চলছে। ছোট ছোট ব্যবসা হচ্ছে। রেমিট্যান্স আরো বাড়বে। কারণ সরকার এ ক্ষেত্রে প্রণোদনার মাধ্যমে পাঠানোর খরচ দিয়ে দিচ্ছে। এ ছাড়া রেমিট্যান্স পাঠাতে যে ফরম পূরণ করতে হয়, তা সহজ করা হয়েছে।