ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর এপ্রোচ রোড সরানোর দাবিতে মানববন্ধন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৩:১৯

ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পূর্ব পাশের এপ্রোচ রোড ১৫০ ফুট উত্তরে সরানোর দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

রবিবার সকাল ১১ টায় সোনাহাটের গণাইরকুটি মৌজায় স্থানীয় এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রায় ২ শতাধিক নারী, পুরুষ ও কিশোর অংশ নেয়। এসময় প্রস্তাবিত স্থান থেকে ১৫০ ফুট উত্তরদিকে  এপ্রোচ রোড সরানোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার, ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা, শিক্ষক জহুরুল হক প্রমুখ।

বক্তারা বলেন, উত্তর পাশে খাস জমি বাদ দিয়ে প্রস্তাবিত স্থান দিয়ে এপ্রোচ রোড হলে প্রায় দেড় শতাধিক পরিবার ভূমি ও গৃহহীন হয়ে পড়বে এবং পারিবারিক কবরস্থান ধ্বংস হবে।

উল্লেখ্য, দুধকুমর নদের  উপর সড়ক ও জনপথ বিভাগ ৬৪৫ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করছে। সেতুর পূর্ব পাশে ব্রিজ থেকে ৮২০ মিটার দীর্ঘ এপ্রোচ রোড নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হয়।

ইত্তেফাক/এমআরএম