সাহেদের মামলার রায় ২৮ সেপ্টেম্বর

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৫:২১

রোগীদের সঙ্গে প্রতারণার হোতা রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।

রবিবার রায় ঘোষণার জন্য ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করেন ঢাকার ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ। 

এর আগে ১৫ সেপ্টেম্বর মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। চার কার্যদিবসে মামলাটিতে ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

করোনা ভাইরাসের টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে ঢাকায় নিয়ে আস হয়।

পরদিন করোনার ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

এরপর সাহেদকে নিয়ে ১৮ জুলাই রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়।

ইত্তেফাক/জেডএইচ