দীর্ঘ এক যুগ ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে থেকে কাজী সালাহউদ্দিন দেশের ফুটবলে উন্নতির ছোঁয়া না দেখাতে পারলেও আবারো সেই মসনদে বসতে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তিনি বলেন, নতুন মেয়াদে দায়িত্ব পেলে দেশে হবে ফুটবল উৎসব।
বারো বছর যাবৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন। তার দায়িত্ব নেয়ার পর থেকে দেশের ফুটবল অঙ্গনের কতটা উন্নতি হয়েছে সেটা দেশের ফুটবল অঙ্গনের প্রতিটি মানুষেরই জানা। সেসব পেছনে ফেলে নতুন মেয়াদে আবারও বসতে চান দেশের ফুটবলের মসনদে। আজ রবিবার ( ২০ সেপ্টেম্বর) রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁয়ে ঘোষণা করেন নির্বাচনী ইশতেহার। এসময় তিনি ঘোষণা করেন নানা প্রতিশ্রুতি। বাফুফে নির্বাচনে জয়ী হলে সারা দেশে প্রতিটি জেলায় প্রতি মাসে ফুটবল উৎসবের আয়োজন করবেন কাজী সালাউদ্দিন।
তিনি বলেন, ‘বাফুফে কর্তৃক প্রতি মাসে দেশের নূন্যতম একটি জেলায় দুদিন ব্যাপী ফুটবল ফ্যাস্টিভালের আয়োজন করা হবে। একদিন বয়েজ ফ্যাস্টিভাল ও একদিন গার্লস ফ্যাস্টিভাল আয়োজিত হবে।’
টেকনিক্যাল বিভাগের ইশতেহারে আরও বলা হয়, প্রতিটি বিভাগে পর্যায়ক্রমে ফুটবল সেন্টারের আয়োজন করা হবে। খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক মানের অনাবাসিক উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করা হবে।
সম্মিলিত পরিষদে সভাপতি প্রার্থী হিসেবে কাজী সালাহউদ্দিনের সাথে থাকবেন সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী আব্দুস সালাম মুর্শেদী। আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফের নির্বাচন।
ইত্তেফাক/এসআই
