ইলিশের উত্থান রুই কাতলে ধস

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২১:১৪

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

বাঙালির রসনা মেটাতে ইলিশের জুড়ি মেলা ভার। স্বাদে-গন্ধে অতুলনীয় এ মাছটি সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে থাকায় রুই-কাতলসহ অন্যান্য মাছের প্রতি চাহিদা ছিল ক্রেতাদের। কিন্তু বর্তমানে ইলিশের দাম তুলনামূলক কমে যাওয়ায় রুই-কাতলসহ দেশীয় প্রজাতির মাছের বাজারদরে পতন ঘটেছে। এতে বিপাকে পড়েছেন বাগেরহাটের চিতলমারী উপজেলার সাধারণ মত্স্য চাষিরা। চিতলমারী সদর বাজারের বিভিন্ন মত্স্য আড়ত ও মাছ বাজারে ঘুরে দেখা গেছে, অন্য সময়ের চেয়ে ইলিশের দাম এখন অর্ধেকে নেমে এসেছে। বাজার ইলিশে সয়লাব। ৭ থেকে ৮ হাজার টাকা দরের রুই-কাতলের মণ এখন বিক্রি হচ্ছে ৪ থেকে ৫ হাজার টাকায়। এতে চাষিদের খরচের টাকা ঘরে তুলতে পারবেন না বলে অনেকে হতাশা প্রকাশ করেছেন।  আড়ুয়াবর্ণি গ্রামের মত্স্য ঘেরমালিক এসকেন্দার শেখ, গাউস শেখ, খিলিগাতী গ্রামের পরিতোষ মণ্ডল, দেবাশিষ মণ্ডলসহ অনেকে হতাশা ব্যক্ত করে জানান, মাছ চাষ করে এ বছর লোকসান গুনতে হচ্ছে তাদের। চিতলমারী সদর বাজারের মায়ের দোয়া মত্স্য আড়তের মালিক মো. সিরাজুল ইসলাম জানান, বর্তমানে সাদা মাছসহ চিংড়িতে ব্যাপক দরপতন ঘটেছে। তাদের মোকামে সঠিক দাম না থাকায় কম দামে তাদের মাছ কিনতে হচ্ছে। উপজেলা মত্স্য অফিসার সোহেল মোহাম্মদ জিল্লুর রহমান রিগান জানান, বর্তমানে নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ায় বাজারে এর প্রভাব পড়েছে। ইলিশের দাম কমে যাওয়ায় রুই-কাতলে যে ধস নেমেছে সেটি শিগিগরই ঠিক দামে ফিরে আসবে। আগামী ১৪ অক্টোবর থেকে ইলিশ ধরা বন্ধ থাকবে। তখন অন্য মাছের বাজার দর বেড়ে যাবে।