কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নের দহুলীয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই বাবুলের (৪৫) হাতে খুন হয়েছেন ছোট ভাই ওয়াজী উল্লাহ (৪০)। রবিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওয়াজী উল্লাহর স্ত্রী জানান, ওয়াজী উল্লাহগংরা পাঁচ ভাই। পাঁচ ভাইয়ের পরিবার মশলা বাটার জন্য একটি মাত্র পাটা ব্যবহার করে। আগে পরে মশলা বাটা নিয়ে ওয়াজী উল্লাহ ও বাবুলের পরিবারের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে বড় ভাই বাবুল ক্ষিপ্ত হয়ে ওয়াজী উল্লাহকে পুতা (পেষণি) দিয়ে মাথায় আঘাত করলে ওয়াজী ঘটনাস্থলে মারা যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কচুয়া থানার ওসি তদন্ত ইব্রাহীম খলিল জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
