স্পোর্টস রিপোর্টার
দুপুর আড়াইটার দিকে সাইরেন বাজিয়ে শ্যামলী পরিবহনের বাসটি এসে দাঁড়াল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মূল গেটে। বাসের সামনে ও পেছনে দুটি গাড়ি। হোটেল সোনারগাঁ থেকে ক্রিকেটারদের নিয়ে আসা বাসটির আগমন যেন এই এলাকার পথচারীদের মাঝেও চাঞ্চল্য তৈরি করল।
স্টেডিয়ামে প্রবেশের পর একে একে বাস থেকে নেমে এলেন ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা। ঠিক যেন আন্তর্জাতিক সিরিজের আবহ। করোনাকালে জৈব সুরক্ষা বলয়ের অধীনে গতকাল শুরু হয়েছে বাংলাদেশ দলের স্কিল ক্যাম্প।
মাঠে নামতেই শীষ্যদের নিয়ে মিনিট দশেকের মিটিং করলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। কোচের বক্তব্য শেষেই রানিং, স্ট্রেচিং, ফুটবল খেলার পর্ব চলল ৩০ মিনিট। তারপরই নেটে পুরোদমে অনুশীলন শুরু হয়।
গতকাল অনুশীলনে ছিলেন ১৬ জন ক্রিকেটার। যদিও প্রাথমিক দলে ডাকা হয়েছিল ২৭ ক্রিকেটারকে। অনুশীলনে ছিলেন না ১১ ক্রিকেটার। অনুশীলনে না থাকা ক্রিকেটাররা হলেন; সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন, সাইফউদ্দিন, হাসান মাহমুদ, নাঈম হাসান, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও শফিউল ইসলাম।
অবশ্য তারা সবাই করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। বিশেষ করে দুইবার পজিটিভ হওয়া ওপেনার সাইফ হাসানও সুখবর পেয়েছেন। গত শনিবার নমুনা দিয়ে নেগেটিভ হয়েছেন সাইফ। বিসিবির মেডিক্যাল বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
সাইফ ও মিঠুন ছাড়া অন্য ক্রিকেটাররা ঢাকার বাইরে থেকে এসেছেন ক্যাম্প যোগ দিতে। নেগেটিভ হলেও তাদের মধ্যে কারো কারো ছোটখাটো উপসর্গ রয়েছে। এবং তারা পরস্পরের সংস্পর্শে এসেছিলেন। সতর্কতাবশত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। হোটেলে তোলা হয়নি তাদের।
গতকাল বিসিবির মিডিয়া বিভাগ থেকে জানা গেছে, আগামীকালের আগে অনুশীলনে নামা হবে না তাদের। আজ তৃতীয় দফা করোনা পরীক্ষার নমুনা নেওয়া হবে ক্রিকেটারদের। এই পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পেলেই তারা ক্যাম্পে যোগ দিতে পারবেন।
