স্পোর্টস ডেস্ক
মৌসুম শুরুর দুঃসময়টা পেছনে ফেলতে শুরু করেছে পিএসজি। ফরাসি লিগে নিসেকে ৩-০ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছেন কিলিয়ান এমবাপেরা। এদিকে প্রিমিয়ার লিগে টটেনহ্যামও নিজেদের বাজে শুরুকে পেছনে ফেলে সাউদাম্পটনকে উড়িয়ে দিয়েছে ৫-২ ব্যবধানে।
পিএসজির শুরুটা হয়েছিল এমবাপের কল্যাণে। ৩৮ মিনিটে তার গোলের পর ফরাসি চ্যাম্পিয়নরা ব্যবধান বাড়ায় বিরতির একটু আগে, আনহেল ডি মারিয়ার গোলে। ৬৬ মিনিটে অধিনায়ক মার্কিনিয়োসের গোলে বড় জয় নিশ্চিত হয় পিএসজির।
তবে টটেনহ্যাম কিছুটা নড়বড়েই ছিল শুরুর দিকে। ৩২ মিনিটে ড্যানি ইংসের গোলে পিছিয়েই পড়ে দলটি। বিরতির ঠিক আগে সনের গোলে টটেনহ্যামের গোল-উত্সবের শুরু। দ্বিতীয়ার্ধে সন গুনে গুনে আরো তিন গোল করেছিলেন। তার চার গোলে জোগান দেওয়া হ্যারি কেইনও গোল পেয়েছেন ৮২ মিনিটে। ফলে ৯০ মিনিটে গোল হজম করলেও ৫-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনহোর শিষ্যরা।
