স্পোর্টস ডেস্ক
গেল মাসে বার্সেলোনাকে ক্লাব ছাড়ার নোটিশ পাঠিয়ে রীতিমতো শোরগোলই ফেলে দিয়েছিলেন লিওনেল মেসি। ক্লাবটির সভাপতি হোসে মারিয়া বার্তোমিউ সম্প্রতি এক সাক্ষাত্কারে সে ঘটনা পেছনে ফেলে সামনে দেখার আহ্বান জানালেন সব পক্ষকে। তিনি এটাও জানিয়েছেন, মেসির সঙ্গে আর কোনো প্রকার বিবাদে জড়াতে চান না তিনি।
শনিবারে স্প্যানিশ সংবাদমাধ্যম টিভি থ্রি-কে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘একজন সভাপতি হিসেবে মেসির সঙ্গে কোনো প্রকারের বিবাদে জড়াবো না আমি। মেসি আমাদের অধিনায়ক, নেতা। আর ঘটনাটা আমরা পেছনে ফেলে এসেছি। যা বলা হয়েছে, হয়ে গেছে।’
মেসির প্রশংসায় তিনি বলেন, ‘আমি বিশ্বসেরা খেলোয়াড়কে এভাবে দল ছেড়ে যেতে দিতে পারি না। দলের প্রয়োজন তার, সে সাফল্যের নিশ্চয়তা দেয়। ব্যাপারগুলো ঘরে আলোচনা করার মতো ব্যাপার। খেলোয়াড় ও দলকে সমর্থন দেওয়া উচিত আপনার।’
চলতি মৌসুমেই মেসি দল ছাড়ছেন না, ব্যাপারটাকেও একটা সাফল্য হিসেবেই দেখছেন বার্তোমিউ। বললেন, ‘মেসি এখনো আমাদের সঙ্গে আছে, এজন্য নিজেদের অভিনন্দন জানানো উচিত আমাদের। সে কোম্যানের প্রকল্প নিয়ে রোমাঞ্চিত। সে এখানেই খেলছে, ব্যাপারটা গুরুত্বপূর্ণ। সে এখানেই অবসর নিক, এটাই চাই আমরা।’
