মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, গাজীপুরের উন্নয়নে সরকার ৮ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। পরিকল্পিত নগরী গড়ে তোলার লক্ষ্যে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাশ হয়েছে। শনিবার গাজীপুর সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে ‘আধুনিক গাজীপুরের উন্নয়নে জনপ্রতিনিধি ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জিইউজের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে জেলা শহরের শিববাড়ী মোড়ে বিলসের সহায়তায় একটি রেস্টুরেন্টে আয়োজিত আলোচনাসভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকাস্থ গাজীপুর উন্নয়ন পরিষদের সভাপতি শামসুন্নাহার ভূঁইয়া এমপি। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ বারী, পরিবেশবিদ মো. শহীদুল্লাহ, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর আবদুল আলীম মোল্লা, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক, শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান, জিইউজের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
মুজিববর্ষ এবং সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ও কাউন্সিলর আবদুল আলীম মোল্লাকে ‘ভাওয়াল পদক’ করা হয়। ৪ অক্টোবর জিইউজের নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হবে। —প্রেস বিজ্ঞপ্তি
