ব্যাংকিং সেক্টরে বর্তমান অবস্থার জন্য দুর্বল করপোরেট গভর্ন্যান্স দায়ী

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৩

 

ইত্তেফাক রিপোর্ট

দুর্বল করপোরেট গভর্ন্যান্স ব্যাংকিং সেক্টরের বর্তমান অবস্থার প্রধান কারণ বলে উল্লেখ করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) প্রেসিডেন্ট মোজাফফর আহমেদ। ‘ইসলামী ব্যাংকিং ও ফিন্যান্সিং—ব্যাংকিং সেক্টরে করপোরেট গভর্ন্যান্স প্রবর্তনের প্রয়োজনীয়তা’ শীর্ষক ওয়েবিনারে তিনি এ কথা বলেন। আইসিএসবি শনিবার এই সিপিডি সেমিনার ভার্চুয়ালি আয়োজন করে। এক্সিম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। কাউন্সিল সদস্য এবং সেমিনার অ্যান্ড কনফারেন্স সাবকমিটির চেয়ারম্যান মো. শফিকুল আলম অনুষ্ঠানটি সঞ্চালন করেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএসবি প্রেসিডেন্ট মোজাফফর আহমেদ। তার উপস্থাপনায় ইসলামী ব্যাংকিংয়ের ধারণাগত বিষয় ও চালিকা শক্তি সম্পর্কে আলোচনা করেন এবং কীভাবে এই শরিয়াহভিত্তিক ব্যাংকং, সামাজিক জীবন এবং সমাজের একটি অংশ হিসেবে সাফল্য অর্জন করতে সহায়তা করতে পারে, সে বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, দেশে শরিয়াহভিত্তিক ব্যাংক উত্সাহিত করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকে বাধ্যতামূলক শরিয়াহ বোর্ড করার পরামর্শ দেন তিনি। এ ধরনের শরিয়াহ বোর্ড গঠন হলে ব্যাংকের প্রতিটি বিভাগের অপারেশন সম্পর্কে শরিয়াহ নীতিমালা অনুসরণ করা সহজ হবে। বিএসইসির গভর্ন্যান্স কোডের অধীনে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পদে নিয়োগ প্রদানের পদ্ধতি পরিবর্তনের আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন, ইসলামী ব্যাংকিংব্যবস্থা দিনদিন এর জনপ্রিয়তা অর্জন করছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সুকুক, দীর্ঘমেয়াদি অর্থের ইসলামী পণ্য দেশে দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি পদ্ধতি হিসেবে স্থান পাবে। আলোচনায় দেশের বিভিন্ন ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থায় কর্মরত পেশাদার এবং ইনস্টিটিউটের সদস্যরা অংশ নেন।