ইত্তেফাক রিপোর্ট
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এ পর্যন্ত সাড়ে ৯ হাজার শ্রমিককে প্রায় ৪০ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ২২তম বোর্ড সভায় এ তথ্য জানানো হয়। সভাপতির বক্তৃতায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের কাছ থেকে প্রাপ্ত আবেদন কমিটির মাধ্যমে যাচাই-বাছাইয়ের ভিত্তিতে গতকালের বোর্ড সভায় দুর্ঘটনাজনিত মৃত্যু, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিত্সা এবং তাদের সন্তানদের উচ্চশিক্ষা বাবদ ১ হাজার ২৮৫ শ্রমিকের নামে ৩ কোটি ৫৬ লাখ ৬৫ হাজার টাকার সহায়তার অনুমোদন দেওয়া হয়। তিনি বলেন, করোনাকালে এর আগে ১ হাজার ৯৬০ শ্রমিককে চিকিত্সাসহায়তা হিসেবে প্রায় ৬ কোটি ২৬ লাখ টাকা প্রদান করা হয়। সভায় জানানো হয়, এ পর্যন্ত দেশি-বহুজাতিক মিলে ১৭৩টি কোম্পানি নিয়মিত এ তহবিলে তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ জমা দিয়ে আসছে। এ পর্যন্ত বিভিন্ন কোম্পানি জমা দিয়েছে ৪৭৭ কোটি টাকা।
