ইত্তেফাক রিপোর্ট
বাদ পড়া সব প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। গতকাল রবিবার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৬৪ জেলায় মানববন্ধন ও জেলা প্রশাসকদের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। ২০১৩ সালের ৯ জানুয়ারি দেশের ৩০ হাজার ৩৫২টির মধ্যে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়। সংগঠনের নেতারা বলছেন, পরিসংখ্যানের ভুলের কারণে ৪ হাজার ১৫৯টি বিদ্যালয় জাতীয়করণের তালিকা থেকে বাদ পড়ে। এরপর দেশের আরো ১ হাজার ৩০০ বিদ্যালয় জাতীয়করণের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয়ে তথ্য পাঠানো হয়।
