যুক্তরাষ্ট্রে আরো সাত দিন বাড়তি জীবন পেলো চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। ‘টিকটক-ওরাকল’ চুক্তিতে সমর্থন রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্টের এ বক্তব্যের পরপরই টিকটককে বাড়তি সময় দিয়েছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুসারে, গতকাল রবিবার যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়ার কথা ছিল টিকটককে। কিন্তু সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, টিকটক এবং ওরাকল ও ওয়ালমার্টের মধ্যে চুক্তিতে ‘আশীর্বাদ’ রয়েছে তার। এর পরপরই টিকটক নিষিদ্ধের সময়সীমা সেপ্টেম্বরের ২৭ তারিখ পর্যন্ত পিছিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
মার্কিন কর্মকর্তাদের উদ্বেগ, চীনের কাছে চলে যেতে পারে মার্কিন টিকটক ব্যবহারকারীদের ডাটা। টিকটক নিষিদ্ধের মধ্য দিয়ে সেটাই ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। টিকটক প্রশ্নে মোট দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। প্রথমটির মাধ্যমে টিকটক নিষিদ্ধ করেছেন তিনি আর দ্বিতীয়টির মাধ্যমে টিকটক মালিক বাইটড্যান্সকে প্রতিষ্ঠানটির যুক্তরাষ্ট্র ব্যবসা বিক্রির নির্দেশ দিয়েছেন।
টিকটকের মার্কিন ব্যবসা কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছিল মাইক্রোসফট, টুইটার, ওরাকল, ওয়ালমার্টের মতো প্রতিষ্ঠান। এর মধ্য থেকে ওরাকলের সঙ্গে অংশীদারি চুক্তিতে যাওয়ার আগ্রহ প্রকাশ করে টিকটক। প্রস্তাবিত চুক্তিতে, ‘টিকটক গ্লোবাল’ নামে নতুন বৈশ্বিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থাকবে যুক্তরাষ্ট্রে। ধারণা করা হচ্ছে, টেক্সাস অঙ্গরাজ্যেই প্রতিষ্ঠিত হবে প্রধান কার্যালয়টি। প্রতিষ্ঠানটির অধিকাংশ পরিচালকই থাকবেন যুক্তরাষ্ট্রের নাগরিক। মার্কিন টিকটক ব্যবহারকারীদের ডাটা ব্যবস্থাপনার দায়িত্ব নেবে ওরাকল, প্রয়োজনে সোর্স কোডও ঘেঁটে দেখতে পারবে প্রতিষ্ঠানটি। এছাড়াও প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য মালিকানা স্বত্ব পাবে ওরাকল ও ওয়ালমার্ট।
