ফতুল্লার বিস্ফোরিত মসজিদে অবৈধ বিদ্যুত্ সংযোগকারী গ্রেফতার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২২:২৪

ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বিস্ফোরিত হওয়া মসজিদে বিদ্যুতের অবৈধ সংযোগ দেওয়ার অভিযোগে স্থানীয় বিদ্যুিমস্ত্রি মোবারক হোসেনকে গ্রেফতার করেছে সিআইডি। গতকাল রবিবার সকালে পশ্চিম তল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষিয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডির পরিদর্শক মো. বাবুল জানান, স্থানীয় বিদ্যুিমস্ত্রি মোবারক হোসেন বাইতুস সালাত জামে মসজিদের বিদ্যুিমস্ত্রি হিসেবে নিয়মিত কাজ করতেন। মসজিদটিতে বিদ্যুতের বৈধ সংযোগের পাশাপাশি অবৈধ সংযোগের কাজ মোবারকই করে দিয়েছিলেন। এ কারণে তাকে গ্রেফতার করে বিস্ফোরণের মামলায় আসামি করা হয়েছে। জিজ্ঞাসাবাদেও মোবারক তার অপরাধের বিষয়টি স্বীকার করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা আরো জানান, মসজিদে বিদ্যুতের অবৈধ সংযোগ প্রদানে ডিপিডিসির কেউ জড়িত আছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

মোবারককে গতকাল পাঁচ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। নারায়ণগঞ্জ সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ জানিয়েছেন, বায়তুস সালাত জামে মসজিদে দুটি বৈদ্যুতিক সংযোগ রয়েছে, যার একটি সংযোগ অবৈধ। সেই সংযোগসহ যাবতীয় মসজিদের ওয়ারিং করেছিলেন মোবারক  হোসেন।

এর আগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফতুল্লা অঞ্চলের বরখাস্ত চার কর্মকর্তাসহ আট জনকে গ্রেফতার করে সিআইডি। পরে আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে আট জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।