খালেদা জিয়ার চার মামলার কার্যক্রম স্থগিতই থাকছে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২২:২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা চার মামলার কার্যক্রম স্থগিতই থাকছে। মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহারে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে মামলা বাতিল প্রশ্নে জারিকৃত রুল হাইকোর্টে শুনানির জন্য বলা হয়েছে। বিচারপতি মো. ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেয়। এদিকে কুমিল্লার নাশকতার একটি মামলায় খালেদা জিয়ার জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। প্রসঙ্গত, কার্যক্রম স্থগিত থাকা চারটি মামলার মধ্যে তিনটি নাশকতার এবং একটি রাষ্ট্রদ্রোহের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির ও খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল উপস্থিত ছিলেন। গত ১৭ ও ২৩ আগস্ট নাশকতার আট মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রাখে আপিল বিভাগ।

আইনজীবীরা জানান, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে মিরপুরের দারুসসালাম থানায় তিনটি মামলা করা হয়। এসব মামলার এজাহারে খালেদা জিয়ার নাম ছিল না। পরে অভিযোগপত্রে নাম অন্তর্ভুক্ত করা হয়। সেখানে তাকে হুকুমের আসামি করা হয়। আর একটি মামলা হয়েছে রাষ্ট্রদ্রোহের অভিযোগে। যেখানে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ আনা হয়। এসব মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। হাইকোর্ট ২০১৭ সালে মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করে।