বঙ্গোপসাগরে লুঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। গতকাল রবিবার আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সোমবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনে ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া টাঙ্গাইল, নিকলি, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর ও সৈয়দপুর অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
