রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ করিমের বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র মামলার যুক্তিতর্ক উপস্থাপন গতকাল রবিবার শেষ হয়েছে। রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামী ২৮ সেপ্টেম্বর এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। রাষ্ট্রপক্ষ এ মামলায় আসামি সাহেদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন দেওয়ার জন্য আদালতে আর্জি জানিয়েছে। অন্যদিকে আসামির আইনজীবী খালাসের আবেদন করেছেন।
রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি ঢাকা মহানগর পিপি আব্দুল্লাহ আবু শুনানিতে বলেন, উদ্ধারকৃত অবৈধ অস্ত্রটি সাহেদের গাড়িতেই ছিল। পুলিশের অভিযানে তার দেখানো মতে গাড়ির সিটের নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণ দিয়ে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় সর্বোচ্চ শাস্তি যেন আসামিকে দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তাপস কুমার পাল বলেন, অস্ত্র আইনের ১৯(ক) ধারায় সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ঐ ধারায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন দণ্ডের কথা বলা হয়েছে।
গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র্যাব। পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। পরদিন করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। পরে তাকে নিয়ে অভিযানে গেলে তার গাড়ির ভেতর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ মামলায় গত ২৭ আগস্ট অভিযোগ গঠন করে আদালত। সাত কার্যদিবস শুনানি শেষে মামলাটি রায়ের জন্য দিন ধার্য হলো।
