ট্রাম্পের উদ্দেশে পাঠানো চিঠিতে পাওয়া গেল মারাত্মক বিষ!

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে পাঠানো একটি চিঠিতে রাইসিন নামক এক মারাত্মক বিষাক্ত পদার্থ মেশানো ছিল বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম। তবে হোয়াইট হাউজে পৌঁছানোর আগেই সেই চিঠি জব্দ করা হয়েছে। ফলে ট্রাম্পের কোনো ক্ষতি হয়নি কিংবা তাকে স্বাস্থ্যঝুঁকির মুখে পড়তে হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, খামের ভেতরে চিঠিতে রাইসিন নামক এক মারাত্মক বিষাক্ত পদার্থ মেশানো ছিল। ক্যাস্টর অয়েল তৈরি হয় যে বীজ থেকে, সেই একই বীজ থেকেই তৈরি এই বিষ। যুক্তরাষ্ট্রের সিডিসি বলছে, রাইসিন এতটাই বিষাক্ত যে মাত্র কয়েক ফোটা লবণ দানার পরিমাণ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে। ল্যাব পরীক্ষাতেও এই চিঠিতে রাইসিনের উপস্থিতি শনাক্ত হয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গোয়েন্দা সংস্থা এফবিআই এবং প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস চিঠির প্রেরককে খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে।

উল্লেখ্য, হোয়াইট হাউজের ঠিকানায় পাঠানো যে কোনো চিঠি সেখানে পৌঁছে দেওয়ার আগেই তা পরীক্ষা-নিরীক্ষার জন্য সেখানে একটি আলাদা কার্যালয় রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, রুটিন পরীক্ষা-নিরীক্ষার সময় বিষ শনাক্ত হয়।

 বিশেষজ্ঞরা বলছেন, রাইসিন কোনোভাবে নিঃশ্বাসের সঙ্গে অথবা ইনজেকশনের মাধ্যমে খেয়ে ফেললে কিংবা শরীরে প্রবেশ করলে মাথা ঘোরা ও বমি শুরু হয়। এরপর শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে থাকে। কতটুকু পরিমাণ রাইসিন শরীরে প্রবেশ করেছে তার ওপর নির্ভর করে ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে মৃত্যু ঘটে। এই বিষক্রিয়া প্রতিরোধে কোনো প্রতিষেধক নেই।

অন্য আরো কাউকে একই ধরনের চিঠি পাঠানো হয়েছে কি না সেটিও তদন্ত করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এফবিআই জানিয়েছে যে, আপাতত কোনো ধরনের ঝুঁকি তারা দেখছেন না। নিউ ইয়র্ক টাইমসকে অপর এক কর্মকর্তা জানিয়েছেন, চিঠিটি কানাডা থেকে পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে। শনিবার কানাডিয়ান পুলিশ জানিয়েছে যে, বিষয়টি নিয়ে তদন্তে তারা এফবিআইয়ের সঙ্গে কাজ করছে।