গাজীপুরের কালীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা উলটে মো. শিবলী সাদিক (২৭) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলার টঙ্গী-কালীগঞ্জ সড়কের নলছাটা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন আরো দুই জন। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম।
নিহত শিবলী সাদিক ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঠাকুনালা গ্রামের মো. আব্দুল মতিন মোল্লার ছেলে। তিনি কালীগঞ্জ প্রাণ-আরএফএল (জওচ) কারখানার মেকানিক্যাল বিভাগে কর্মরত ছিলেন এবং নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকশা গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। আহতদের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, টঙ্গী থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি সিএনজিচালিত অটোরিকশা বিকালে নলছাটা নামক ব্রিজের পাশে উলটে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান যাত্রী শিবলী সাদিক। ঘটনাস্থল থেকে মরদেহ ও দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ সময় সিএনজিতে থাকা আরো দুই জন যাত্রী আহত হন। তারা স্থানীয় ক্লিনিকে চিকিত্সার জন্য চলে যাওয়ায় তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। ঐ অটোরিকশার চালক পলাতক।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
