প্রধানমন্ত্রীর নির্দেশে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২২:৪০

প্রধানমন্ত্রীর নির্দেশে পেঁয়াজ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে। চলতি ২০২০-২১ অর্থবছরে আমদানি নির্ভরশীলতা কমাতে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়েছিল। বর্তমানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী মার্চ মাস পর্যন্ত এই শুল্ক প্রত্যাহার করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে। আজ সোমবার এ বিষয়ে আদেশ জারি হবে। অস্থিতিশীল পেঁয়াজের বাজার সাম্প্রতিক সময়ে উদ্বেগ বাড়িয়েছে। ভারত পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করার কারণে দেশের বাজারে পেঁয়াজের মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে। পেঁয়াজের বাজার আবারও অস্থির হয়ে ওঠায় আমদানিতে আরোপিত ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয় এ অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে।

সার্বিক দিক বিবেচনা করে গত বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পেঁয়াজ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের আশ্বাস দেন। গতকাল রবিবার এই শুল্ক প্রত্যাহারের কথা জানানো হয়। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে পেঁয়াজের অনুত্পাদনকালীন সময় হিসেবে পরিচিত মার্চ মাস পর্যন্ত সময়ে পেঁয়াজের ওপর আরোপিত ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করা হচ্ছে। এনবিআরের শুল্ক নীতি বিভাগের সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া ইত্তেফাককে বলেন, সোমবার এ আদেশ জারি করা হবে।