চলতি অর্থবছরের বাজেটে বিড়ির ওপর বৃদ্ধিকৃত অতিরিক্ত চার টাকা শুল্ক কমানোর দাবিতে মানববন্ধন করেছে বিড়ি ভোক্তারা। গতকাল রবিবার সিলেট কাস্টমস অফিস ঘেরাও করে নগরীর মেন্দিবাগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সিলেট অঞ্চলের অর্ধসহস্রাধিক বিড়ি ভোক্তা উপস্থিত ছিলেন। মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট বিড়ি ভোক্তা পক্ষের সভাপতি মো. মসিয়ার রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিলেট শ্রমিক লীগের সভাপতি এনসান আলি। মানববন্ধন শেষে সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বরবার স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন থেকে পাঁচ দফা দাবি জানান বিড়ি ভোক্তারা।
এ সময় ভোক্তারা বলেন, বিড়িশিল্পের সঙ্গে সমাজের অসহায় হতদরিদ্র, বিধবা, স্বামী পরিত্যক্তা ও নদীভাঙনকবলিত এলাকার বহু মানুষ জড়িত। ভোক্তারাও সমাজের দরিদ্র শ্রেণির। চলতি বাজেটে বিড়ির প্যাকেট প্রতি যেখানে চার টাকা বৃদ্ধি করা হয়েছে সেখানে নিম্নস্তরের সিগারেটে মাত্র দুই টাকা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও মধ্যমস্তরের সিগারেটে কোনো শুল্ক বৃদ্ধি করা হয়নি। আমরা এ বৈষম্যমূলক শুল্ক বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। —প্রেস বিজ্ঞপ্তি
