জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে আসছে নভেম্বরে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকার উদ্যোগ নেওয়া হচ্ছে। মুজিববর্ষ উপলক্ষ্যে জাতীয় সংসদের সংশোধিত কর্মসূচি নিয়ে গতকাল রবিবার সংসদ ভবনে বৈঠক হয়েছে। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে এ বৈঠকে বিশেষ অধিবেশন নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে গত ২২-২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের কারণে পরে তা স্থগিত করা হয়। মার্চে অধিবেশন স্থগিত করার আগে বিশেষ ঐ অধিবেশনে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নিয়েছিল সংসদ সচিবালয়। এবারও তাদের আমন্ত্রণ জানানো হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে, মুজিববর্ষ উপলক্ষ্যে ১০টি কর্মসূচি নিয়েছে জাতীয় সংসদ। এর মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি এখনো চলমান। এছাড়া নভেম্বরে মুজিববর্ষের ওয়েবসাইট উদ্বোধন, স্মারক ডাকটিকিট উন্মোচন, ৪ নভেম্বর সংবিধান দিবস উদ্যাপন, মাসব্যাপী আলোকচিত্র ও প্রামাণ্য দলিল প্রদর্শনী, ‘সংসদে বঙ্গবন্ধু’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান, শিশুমেলাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সংসদ সচিবালয়।
