করোনা পরিস্থিতির মধ্যে ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা দিতে চায় না ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীরা। ক্লাস মূল্যায়ন করে গ্রেড দেওয়ার দাবি জানিয়েছেন তারা। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন রাজধানীর বিভিন্ন ইংলিশ মিডিয়ামের শিক্ষক-শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, গত ৩ সেপ্টেম্বর ব্রিটিশ কাউন্সিল থেকে জানানো হয়েছে, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা নেওয়া হবে। করোনা পরিস্থিতির মধ্যে আমরা পরীক্ষার জন্য কোনোভাবেই প্রস্তুত নই। পরীক্ষা দিতে গেলে অনেকের করোনায় আক্রান্ত হওয়ার আশাঙ্কা রয়েছে।
তারা বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষার আয়োজন করা হলেও পরীক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীরা নানাভাবে আক্রান্ত হয়ে পড়বেন। এমন মহামারি পরিস্থিতির মধ্যে পরীক্ষা দিয়ে কেউ তার প্রত্যাশিত ফলাফল পাবে না।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে আলোচনা করে করোনার মধ্যে পরীক্ষা না নেওয়ার বিষয়টি নিশ্চিত করার দাবি জানান আন্দোলনকারীরা।
