ঢাকার ডেমরার কোনাপাড়ায় একটি ইস্পাত কারখানায় লোহা গলানোর ভাট্টি থেকে গলিত লোহা ছিটকে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে ঐ এলাকার শাহরিয়ার স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। দগ্ধ পাঁচ শ্রমিক হলেন আল আমিন, জসিম উদ্দিন, ইয়ার হোসেন, জনু ব্যাপারী ও দিদার হোসেন। শনিবার রাত ১টার দিকে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে আনা হয় বলে জানান ঢাকা মেডিক্যাল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া। লোহা গলানোর ভাট্টি থেকে গলিত লোহা ছিটকে শরীরে পড়লে তারা দগ্ধ হন বলে তাদের সহকর্মীরা জানিয়েছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, এ ঘটনায় তিন জনকে আইসিইউতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে আল আমিনের শরীরের ২৮ শতাংশ, জসিম উদ্দিনের ২০ শতাংশ ও ইয়ার হোসেনের ৪০ শতাংশ পুড়ে গেছে। বাকি দুই জন প্রাথমিক চিকিত্সা নিয়ে চলে গেছেন বলে জানান তিনি।
