বাংলাদেশের গত এক দশকের উন্নয়নের চিত্র তুলে ধরে বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক বলেছেন, বাংলাদেশ স্বাধীনতাকালীন নীতি-আদর্শে ফিরে গেছে। ত্রৈমাসিক ম্যাগাজিন ‘হোয়াইটবোর্ড’-এর প্রথম সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ উপলক্ষে গতকাল রবিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাদওয়ান মুজিব ‘হোয়াইটবোর্ড’ এর প্রধান সম্পাদক।
স্বাধীন রাষ্ট্র হিসেবে পথ চলার শুরুতেই বঙ্গবন্ধুর সময়ে সংবিধানে গৃহীত গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১০ বছরে বাংলাদেশ পৌঁছে গেছে এক নতুন উচ্চতায়। তবে এখানেই থেমে থাকা যাবে না। বাংলাদেশকে আরও এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন উল্লেখ করে রাদওয়ান বলেন, গত ১০ বছরে বাংলাদেশ ফিরে গেছে প্রতিষ্ঠাকালীন নীতি ও আদর্শে। উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করতে ত্রৈমাসিক ম্যাগাজিন ‘হোয়াইটবোর্ড’ নীতি নির্ধারকদের কাছে বস্তুনিষ্ঠ, স্বচ্ছ ও ভারসামপূর্ণ বার্তা পৌঁছে দেবে বলে জানান রাদওয়ান। রাদওয়ান বলেন, “হোয়াইটবোর্ডে সবসময়ই নীতি-নির্ধারকদের প্রতি বস্তুনিষ্ঠ, স্বচ্ছ ও ভারসাম্যপূর্ণ বার্তা থাকবে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর ক্ষতবিক্ষত দেশকে দারিদ্র্যসীমা থেকে বের করে ক্রমাগত উত্তরণের পথে এগিয়ে নিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণয়ন করেছিলেন বিভিন্ন নীতি, সদ্য স্বাধীন দেশের জন্য স্থির করেছিলেন সুনির্দিষ্ট লক্ষ্য। উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার পথে আগামীর নীতি নির্ধারকদের জন্য বঙ্গবন্ধুর সেসব নীতি-লক্ষ্য আর ভবিষ্যত্ কর্মপন্থাকে উদ্বোধনী সংখ্যাতে নতুনভাবে উপস্থাপন করেছে 'হোয়াইটবোর্ড'।
আওয়ামী লীগের গবেষণা উইং সিআরআই থেকে প্রকাশিত হয়েছে এ সাময়িকীটি, যে সংস্থাটির ট্রাস্টি হিসেবেও রয়েছেন রাদওয়ান মুজিব সিদ্দিক। সিআরআইয়ের ভাষায়, এ সাময়িকী হবে ভবিষ্যতের নীতি-নির্ধারকদের জন্য বাতিঘর।
‘হোয়াইটবোর্ড’র কো-এডিটর সৈয়দ মফিজ কামালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন ম্যাগাজিনটির সম্পাদনা পরামর্শক কমিটির সদস্য সামিয়া হক।
