শুরুতেই হোঁচট খেল রিয়াল
স্পোর্টস ডেস্ক
স্পেন আর ইতালির দুই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাস লিগ শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছিল প্রায় একই সময়ে। কিন্তু ম্যাচ শেষে দুই দলের প্রাপ্তি একই রকম হলো না। লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মাঠে গোলশূন্য ড্র করে শুরুতেই ধাক্কা খেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। অপরদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে ৩-০ ব্যবধানে সাম্পদোরিয়াকে হারিয়ে সিরিআতে শুভসূচনা করেছে কোচ আন্দ্রে পিরলোর জুভেন্তাস।
গোলমুখে রিয়ালের ব্যর্থতা চলছে শেষ দুই মৌসুম ধরেই। গেলবারই লিগ জয়ে বড় ভূমিকা ছিল ‘ডিফেন্ডার’ সার্জিও রামোসের গোলগুলোর। ফরোয়ার্ডদের ব্যর্থতার ধারাবাহিকতা ছিল রবিবার রাতের ম্যাচেও। যারই ফল এই গোলশূন্য ড্র।
রিয়ালের এমন শুরুর পর জিদানের সমালোচনা হওয়া অবশ্যম্ভাবী। তার ওপর দল নির্বাচন নিয়ে সেটা তীব্রতর হচ্ছে আরো। দ্বিতীয়ার্ধে গোলের প্রয়োজনে হন্যে হয়ে ছোটা দলে বদলি হিসেবে জিদান নামিয়েছেন দুই তরুণ উইঙ্গার সার্জিও আরিবাস আর মারভিন পার্ককে। যদিও বেঞ্চে বসেছিলেন লুকা জভিচ ও বোরহা মায়োরালদের মতো স্ট্রাইকাররা।
সমালোচনার জবাবে জিদান বলেন, ‘আমি পদ্ধতিটাকে পরিবর্তন করতে চাইনি। দুই উইংয়ে খেলোয়াড় প্রয়োজন ছিল, আমরা সেটাই করেছি। আমাদের অনেক খেলোয়াড় আছে। এর মধ্য থেকেই আজ আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে।’
জুভেন্তাস অবশ্য অনভিজ্ঞ কোচ আন্দ্রে পিরলোর অভিষেক ম্যাচেই জয় দিয়ে শিরোপা রক্ষার লড়াইয়ে নামে। দেয়ান কুলুসেভস্কি, জর্জিও কিয়েলিনি ও রোনালদোর গোলে অভিষেকের চাপটা ভালোভাবেই সামলেছেন কোচ পিরলো। তবে বয়স হয়ে আসা রোনালদোকে কি করে ভালোভাবে কাজে লাগানো যায় সে ভাবনাই আপাতত খেলছে পিরলোর মননে। তিনি বললেন, ‘আমরা এ নিয়ে ভাবছি, আর নিজেদের ভেতর কথাও বলেছি। তবে সে এখনো ক্লান্ত হয়ে পড়েনি, মাত্রই তো শুরু করলাম। কিন্তু আমরা কম গুরুত্বপূর্ণ খেলায় তাকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করব।’ নিজের কৌশল প্রসঙ্গে জুভেন্তাস কোচ বলেন, ‘একসঙ্গে খেলার বিভিন্ন উপায় আবিষ্কার করতে কিছুটা সময় চাই আমাদের। অন্যদের ধারণাকে কোনো রকম উদ্ভাবন ছাড়াই অনুসরণ করার পাত্র আমি নই। আমার নিজস্ব ধারণা আছে। যেসব দল থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি তাদের ধারণাগুলোকে আমার দলের সঙ্গে খাপ খাওয়াতে চাই।’
