ট্রফি পেয়ে অন্যরকম আনন্দ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২১:১১

স্পোর্টস রিপোর্টার

মাঠে খেলে জয় করার কাজটা আগেই সেরে রেখেছিল ক্লাবগুলো। কিন্তু অনেকেই ট্রফি সঙ্গে সঙ্গে ঘরে তুলতে পারেনি। এরকম জমে থাকা ট্রফি অনেকগুলো হয়ে গিয়েছিল। যারা পায়নি তাদের হাতে ট্রফি তুলে দিতে গতকাল বিকেলে বাফুফে আঙ্গিনায় অনুষ্ঠানের আয়োজন করেছিল। এক ছাদের নিচে ক্লাবগুলোর কর্মকর্তারা ট্রফি হাতে শিরোপার আনন্দই করে গেল। মাঠে ট্রফি অনেকেই নিয়েছিল কিন্তু কিছু ট্রফি দেওয়া হয়নি। সিনিয়র ডিভিশন লিগের যেসব ক্লাব ট্রফি পায়নি তাদের হাতে ট্রফি তুলে দিয়ে অর্থ পুরস্কার বাফুফের হিসাব বিভাগ হতে গ্রহণ করার কথা জানিয়ে গেলেন প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। সিনিয়র ডিভিশন লিগ কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদ বললেন, ‘ট্রফি মাঠে দেওয়া সম্ভব হয়নি। অনেক ক্লাব আছে যারা ক্লাব কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ট্রফি নিজ হাতে গ্রহণ করেন। তাদের জন্য আজকের অনুষ্ঠান অন্যরকম।’

আগামী ৩ অক্টোবর বাফুফের নির্বাচন। তার আগেই ছয়টি চ্যাম্পিয়ন দল, ১১টি রানার্সআপ দল, তৃতীয় ও চতুর্থ স্থান পাওয়া ছয়টি দল ট্রফি গ্রহণ করে। এর মধ্যে ২০১৮-১৯ মৌসুমের লিগ রানার্সআপ আবাহনী, ২০১৭ লিগ রানার্সআপ শেখ জামাল, ২০১৪-১৫ মৌসুমের রানার্সআপ শেখ রাসেল লিগ অন্যতম। করোনার এই বছর প্রিমিয়ার লিগ কয়েক রাউন্ড হয়ে বাতিল হলেও লিগের ১৩ ক্লাবকে ৮ লাখ টাকা করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন হতে শুরু করে লিগ কমিটির কোচেয়ারম্যান আব্দুর রহিম, বাফুফের বর্তমান কমিটি এবং যারা নতুন নির্বাচন করছেন তারাও ক্লাবগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়ার অনুষ্ঠানে ছিলেন। সালাম মুর্শেদী বলেন, ‘আগে যারা পুরস্কার গ্রহণ করতে পারেননি তারাই এখন পুরস্কার নিয়েছেন। পুরস্কারের চেক সাইন করা আছে। একাউন্টসে গেলেই পাবে।’